শুক্রবার, ১৯ জুন ২০২৬

শাহ আমানতে বিপুল পরিমাণ বিদেশি নোটসহ যাত্রী আটক

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১১:৩০

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মো. আবু বক্কর নামের এক দুবাইগামী যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রার বাংলাদেশি বাজারমূল্য প্রায় ৯৪ লক্ষ ৯১ হাজার ৩৯৭ টাকা।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৮টা ১৫ মিনিটে বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জে তল্লাশিকালে তাকে আটক করা হয়। আটক আবু বক্কর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ভবানীপুর এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল।

তিনি বলেন, তার কাছ থেকে ২ লাখ ৫৩ হাজার ৬৬৫ দুবাই দিরহাম পাওয়া যায়। যার বাংলাদেশি মূল্য প্রায় ৬৯ লাখ ৫১ হাজার ৪৬৫ টাকা। এছাড়াও ৪ হাজার ৭৯০ রিয়াল পাওয়া গেছে। যার বাংলাদেশি মূল্য প্রায় ১৪ লাখ ৬০ হাজার ৯৫০ টাকা। সবমিলিয়ে তার কাছে প্রায় ৯৪ লাখ ৯১ হাজার ৩৯৭ টাকার বিদেশি মুদ্রা মিলেছে।

আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ভিডিও