বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

বোয়ালখালীতে বসতঘরে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

বোয়ালখালী প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৭:৩২

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরের দল নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী মিনা গাজী মাজার এলাকায় প্রবাসী জয়নাল মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে পরিবারের সদস্যরা চট্টগ্রাম শহর থেকে বাড়িতে এসে এ ঘটনা সম্পর্কে জানতে পারেন।

পরিবারের সদস্য প্রবাসী মোহাম্মদ সাহাব উদ্দিন মানিক জানান, তার বড় ভাই জয়নাল মাস্টার গত সপ্তাহে পরিবারসহ নগরীর হালিশহরে মেয়ের বাসায় বেড়াতে যান। এ সুযোগে দুর্বৃত্তরা সেমি-পাকা ঘরের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে।

তিনি অভিযোগ করেন, চোরেরা ঘরের আলমারি ভেঙে প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। পাশাপাশি ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র তছনছ করে রেখে যায়।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মামুন বলেন, জয়নাল মাস্টার বাড়িতে না থাকার সুযোগে চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি থানায় জানিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে।

ভিডিও