চট্টগ্রামের পটিয়া উপজেলার আলোচিত পঙ্কজ শীল হত্যা মামলার প্রধান আসামি আবদুর রহমান (২৩) এবং জড়িত সন্দেহে ফাতেমা বেগম (১৯) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে পরিচালিত বিশেষ অভিযানে প্রধান আসামি আবদুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফাতেমা বেগমকে আটক করা হয়। ফাতেমা বেগম ঘটনার সময় বোরকা পরা অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে পুলিশের ধারণা।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান,পঙ্কজ শীল হত্যা মামলার প্রধান আসামিসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আজ বৃহস্পতিবার আদালতের পাঠানো হয়েছে। আদালত থেকে আসামিদেরকে কারাগারে পাঠানো হবে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আবদুর রহমান উপজেলার কচুয়াই ইউনিয়নের আবদুর রশিদের ছেলে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফাতেমা বেগম (১৯) নামে এক নারীকে আটক করা হয়। তিনি চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ গ্রামের জামাল উদ্দীনের মেয়ে।
গত ৯ জুন রাত ৯টার দিকে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন পঙ্কজ শীল (২৬)। তিনি মিলন শীলের ছেলে। একই ঘটনায় গুরুতর আহত হন তিলক চক্রবর্তী (৩০), যিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর নিহতের মা ঝিনু শীল বাদী হয়ে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পূর্বতারা/ইউডি/আই এইচ এম