বুধবার, ১৭ জুন ২০২৬

ডিসেম্বরের আগেই জলাবদ্ধতাসহ সিডিএ’র তিন প্রকল্প শেষ হবে

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১২:৫১

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের আগেই চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এবং কর্ণফুলী নদীর তীরবর্তী কালুরঘাট-চাক্তাই সংযোগ সড়ক প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে। এরপর প্রধানমন্ত্রী প্রকল্প তিনটি উদ্বোধন করবেন এবং এর আগেই নগরবাসী এসব প্রকল্পের সুফল ভোগ করতে শুরু করবে।

বুধবার (১৭ জুন) সকালে সিডিএ সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। 

নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করাই এখন প্রধান চ্যালেঞ্জ। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শিগগিরই তিনি প্রকল্পগুলো সরেজমিন পরিদর্শন করবেন বলেও জানান।

বেলায়েত হোসেন বলেন, তিনি নিজে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না এবং কর্মকর্তাদেরও এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। একইসঙ্গে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পিলারসহ বিভিন্ন অবকাঠামোগত জটিলতা অনেক সময় উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসব বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সিডিএর অধিকাংশ কর্মকর্তার নিজ জেলা চট্টগ্রাম হওয়ায় এ জেলার প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে। তাই কেবল সরকারি দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে নগরের উন্নয়নে ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করতে হবে। এই শহর আমাদের, তাই এর প্রতি দায়িত্বও আমাদের উল্লেখ করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন সিডিএর সার্বক্ষণিক সদস্য মোহাম্মদ নূরুল্লাহ নুরী, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, সচিব মোহাম্মদ মাহবুবুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে সকালে নবনিযুক্ত চেয়ারম্যান শাহ সুফি হযরত আমানত শাহ (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

পূর্বতারা/ইউডি

ভিডিও