বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ঘন্টাখানেকের বৃষ্টিতে ফের ডুবলো চট্টগ্রাম নগর

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২ মে ২০২৬, ০৯:২২

সামান্য বৃষ্টিতে ফের তলিয়ে গেল চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা। কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি জমে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী।

শনিবার (২ মে) বিকেল চারটার দিকে শুরু হওয়া ঝুম বৃষ্টিতে নগরীর কাতালগঞ্জ, প্রবর্তক মোড়, রহমতগঞ্জ ও আগ্রাবাদসহ নিচু এলাকাগুলো জলাবদ্ধতায় ডুবে যায়।

সরজমিনে দেখা গেছে, ঘন্টাখানেকের বৃষ্টিতে আটকে আছে পানি। এতে সড়কে চলাচলে ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ। বাধ্য হয়ে অনেকে ৫০ টাকা করে রিকশায় পার হন রাস্তা।

নগরীর আগ্রাবাদ এলাকার দোকানদার রাশেদুল আলম বলেন, প্রতিবার বৃষ্টি হলেই আমাদের দোকানপাট পানিতে ডুবে যায়। বিক্রি বন্ধ হয়ে যায়, মালামাল নষ্ট হয়। বছরের পর বছর একই অবস্থা চলছে, কিন্তু কোনো স্থায়ী সমাধান দেখি না।

প্রবর্তক এলাকার হাসপাতাল কর্মী মোক্তার হোসেন বলেন, এই এলাকায় প্রতিদিন হাজার হাজার রোগী আসে। কিন্তু এক ঘণ্টার বৃষ্টিতেই রাস্তা ডুবে যায়। রোগী আনা-নেওয়া খুবই কষ্টকর হয়ে পড়ে, অনেক সময় অ্যাম্বুলেন্সও আটকে যায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এতে সাময়িক জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।

নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে সম্প্রতি ১৯ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছে সরকার। কমিটির আহ্বায়ক করা হয়েছে সিটি মেয়রকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।

তবে বাস্তবে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি বলে অভিযোগ নগরবাসীর। সামান্য বৃষ্টিতেই বারবার জলাবদ্ধতায় ডুবে যাওয়ায় ক্ষোভ বাড়ছে তাদের মধ্যে।

ভিডিও