দীর্ঘ সময়ের তীব্র তাপদাহের পর চট্টগ্রামে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টা থেকে বজ্রসহ মুষলধারে বৃষ্টি ওষ্ঠাগত প্রাণে শীতলতার পরশ বুলিয়ে দিয়েছে। তবে স্বস্তির এই বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন সড়ক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।এই জলাবদ্ধতার কারণে নগর জীবনে অস্বস্তি, দুর্ভোগে পড়েছে জনসাধারণ।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সকাল থেকে ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এই বৃষ্টিতে নগরীর প্রর্বতক মোড় সড়ক, মুরাদপুর, চকবাজার কাপাসগোলা, কাঁচাবাজার, কাতালগঞ্জ, রহমতগঞ্জসহ কয়েক এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। পথ চলাচল করতে না পেরে অধিকাংশ মানুষকে সড়ক পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠানে আশ্রয় নিতে দেখা গেছে।
দুপুর ১টার পর বৃষ্টি থামলে যাত্রী ভোগান্তি ও দুর্ভোগ আরও চরমে পৌঁছে। একদিকে এসএসসি পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা বের হয়েছে বাসায় যাওয়ার জন্য, তারওপর যাত্রী সাধারণ নেমেছেন পথে। এমন অবস্থায় সড়কের জলাবদ্ধতা ডিঙ্গিয়ে পথ চলাচলে সীমাহীন দুর্গতিতে পড়তে হয়েছে নগরবাসীকে।
প্রবর্তক মোড় সড়কে দুর্ভোগে পড়া মো. মসিউল আলম বলেন, বৃষ্টি শুরু হওয়ায় আমি আমার ভাইকে পরীক্ষার সেন্টার থেকে আনতে যাচ্ছিলাম। এখন এখানে এসে আটকে আছি। ওই দিকে আমার ভাই পরীক্ষার হলে আটকে আছে। এখানে কোমর সমান পানি। কোন গাড়িও পাচ্ছি না। রিক্সাওয়ালারাও যেন হাওয়া হয়ে গেছে।
পথচারী হোসাইন বলেন , জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলার কারণে প্রবর্তক মোড়ে খাল-নালায় বাধ দেয়া হয়েছে। ফলে সমস্ত পানি এখন সড়কে চলে এসেছে। যার কারণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই এলাকায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা বলেন, প্রবর্তক মোড়ে জলাবদ্ধতার কারণ হচ্ছে হিজড়া খাল খনন ও নালা সংস্কারের চলমান কাজ। প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। আমাদের পক্ষ থেকে তাঁদের জানানো হয়েছে। তারপরও মেয়রের নির্দেশে সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও জরুরি ব্যবস্থা নেয়া হয়েছে।
পূর্বতারা/ইউডি