দিনভর তীব্র দাবদাহের পর অবশেষে বৃষ্টিতে স্বস্তি ফিরেছে চট্টগ্রাম মহানগরীর মানুষের জীবনে। রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শুরু হওয়া বৃষ্টিপাতের সঙ্গে ছিল মৃদু বাতাস ও বজ্রপাত, যা গরমে অতিষ্ঠ নগরবাসীর মাঝে এনে দেয় স্বস্তির পরশ।
গত কয়েক দিন ধরে টানা গরম ও ভ্যাপসা আবহাওয়ায় জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছিল। বিশেষ করে শ্রমজীবী মানুষের জন্য পরিস্থিতি ছিল আরও কষ্টকর। তবে হঠাৎ বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমে আসায় নগরজুড়ে ফিরে এসেছে স্বস্তি।
পথচারী মনির হোসেন বলেন, ‘রাস্তায় বের হয়ে গরমে হাঁটা যাচ্ছিল না। হঠাৎ বৃষ্টি নামায় একটু ঠান্ডা লাগছে, এখন হাঁটাচলাও স্বস্তিতে করা যাচ্ছে। হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলেও এতে কোনো কষ্ট লাগেনি। বরং অনেকটা স্বস্তি পেয়েছি।’
রিকশাচালক আব্দুল কাদের বলেন, ‘সারাদিন রোদে রিকশা চালানো খুব কষ্ট ছিল। বৃষ্টির পর শরীরটা একটু ঠান্ডা হয়েছে, এখন কাজ করতেও ভালো লাগছে।’ ব্যবসায়ী আকমল হোসেন জানান, ‘এই বৃষ্টির জন্য আমরা অপেক্ষা করছিলাম। গরম আর সহ্য হচ্ছিল না। এখন পরিবেশ কিছুটা সহনীয় হয়েছে।’
গার্মেন্টস শ্রমিক রুকসানা বেগম বলেন, ‘দিনভর গরমে খুব কষ্ট হচ্ছিল। রাতে বৃষ্টি নামায় আবহাওয়া অনেকটা ঠান্ডা হয়েছে, এখন একটু ভালো লাগছে।’ গার্মেন্টসের আরেক শ্রমিক শিরিন আক্তার বলেন, ‘দিনভর কাজ করতে গিয়ে শরীর ঝলসে যাচ্ছিল। কিন্তু বৃষ্টির পর মনে হচ্ছে নতুন করে শ্বাস নিতে পারছি। এখন অনেকটা স্বস্তি লাগছে।’
বৃষ্টির সময় আকাশে আঁধার নেমে আসায় নগরীর সড়কগুলোতে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় অনেক পথচারী ও যাত্রীও কিছুটা ভোগান্তিতে পড়েন।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগ-এর বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।