বুধবার, ১৭ জুন ২০২৬

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নিবাস নির্মাণে উদ্যোগ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০২

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সুবিধা উন্নয়নে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান। মোট ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে অনুমোদিত ১৪টি প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন পরিচ্ছন্ন কর্মী নিবাস নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পটি বিশেষ গুরুত্ব পেয়েছে।

এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য উন্নত ও স্থায়ী আবাসন সুবিধা নিশ্চিত করা হবে। দীর্ঘদিন ধরে নগরের পরিচ্ছন্নতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এ শ্রেণির কর্মীরা পর্যাপ্ত বাসস্থানের অভাবে ভুগছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নিবাস নির্মাণ হলে তাদের জীবনমান উন্নত হবে এবং কর্মদক্ষতাও বাড়বে।

একনেক সভায় জানানো হয়, প্রকল্পটি সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন ব্যয় ও সময়সীমা সমন্বয় করা হয়েছে, যাতে কার্যক্রম দ্রুত সম্পন্ন করা যায়। একই সঙ্গে নগরের সার্বিক অবকাঠামো উন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে বলে সভায় উল্লেখ করা হয়।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব আয় তুলনামূলক কম। এ আয় দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, ইউটিলিটি ব্যয় এবং উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হয়। তাই প্রকল্পে নিজস্ব অর্থায়নের অংশ বহন করা কঠিন ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছেন, যা সত্যিই প্রশংসনীয় ও মানবিক।

তিনি বলেন, পরিচ্ছন্ন কর্মীরা শহরের নীরব যোদ্ধা— তাদের জীবনমান উন্নয়ন নিশ্চিত করা সিটি করপোরেশনের অন্যতম অগ্রাধিকার। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তারা নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পরিকল্পিত আবাসনে বসবাসের সুযোগ পাবেন, যা তাদের সামাজিক মর্যাদা ও কর্মস্পৃহা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভিডিও