বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৮

চট্টগ্রামে ঐতিহ্যবাসী আবদুল জব্বার স্মৃতি বলীখেলায় টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হোমনার বাঘা শরীফ।

আজ শনিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ঐতিহাসিক লালদীঘি মাঠে অনুষ্ঠিত বলীখেলার ফাইনাল খেলায় তিনি একই এলাকার রাশেদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

জব্বারের বলীখেলার ১১৭তম আসরে বিকেলে শুরু হওয়া মূল প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেওয়া প্রায় ১০৮ জন বলীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। একের পর এক লড়াইয়ে প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন বাঘা শরীফ ও রাশেদ বলী।

ফাইনালে দুই বলীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেন দুই জন। ২৪ মিনিট ২৬ সেকেন্ডের খেলায় রাশেদকে পরাজিত করে জয়ী হন বাঘা শরীফ। এর আগে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় মিঠু ও রাশেদ।

এ খেলায় মিঠুকে হারিয়ে রাশেদ ফাইনালে যান। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় বাঘা শরীফ ও শাহ জালাল। যদি সমঝোতার ভিত্তিতে বাঘা শরীফকে বিজয়ী ঘোষণা করা হয়। ফলে ফাইনালে মুখোমুখী হন গতবারের দুই ফাইনালিস্ট বাঘা শরীফ ও রাশেদ। এ নিয়ে টানা তিন আসরে ফাইনালে মুখোমুখী হয়েছেন তারা। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জিতেছেন মিঠু।

রাশেদ বলী কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের নসরাইল গ্রামের বাসিন্দা। অন্যদিকে বাঘা শরীফ কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মণিপুর গ্রামের বাসিন্দা।

বলীখেলাকে কেন্দ্র করে লালদীঘি মাঠ সংলগ্ন এলাকায় বসা বৈশাখী মেলাতেও ছিল উপচে পড়া ভিড়। দিনভর কেনাবেচা, খাবারের স্টল ও বিনোদনের নানা আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হবে।

মাঠজুড়ে হাজার হাজর দর্শকের উপস্থিতিতে তাদের ফাইনাল লড়াই ঘিরে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। বলীখেলাকে কেন্দ্র করে লালদীঘি মাঠ সংলগ্ন এলাকায় বসা বৈশাখী মেলাতেও ছিল উপচে পড়া ভিড়। সকাল থেকেই বিভিন্ন পণ্যের দোকান, খাবারের স্টল ও বিনোদনের আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

ভিডিও