বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দাম বৃদ্ধির পর পেট্রোল পাম্পে কমেছে গাড়ির লাইন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২০

তেলের দাম বৃদ্ধির পর চট্টগ্রাম মহানগরের পেট্রোল পাম্পগুলোতে কমেছে গাড়ির লাইন। কয়েকদিন আগেও যেখানে জ্বালানি নিতে লম্বা সারি ছিল, সেখানে এখন বেশিরভাগ পাম্পই প্রায় গাড়িশূন্য অবস্থায় রয়েছে। এমন পরিস্তিতিতে তেলের দাম বাড়াতেই এতদিন সংকট তৈরি করা হয়েছিলো বলে অভিযোগ করছেন গ্রাহকরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ব্যস্ত বেশ কয়েকটি ফিলিং স্টেশন সরেজমিনে ঘুরে দেখা যায়, পেট্রোল ও অকটেন নেওয়ার জন্য কোনো চাপ নেই। কর্মচারীদের ভাষায়, বর্তমানে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ থাকায় বাজারে চাপ কমেছে।

নগরীর গণি বেকারি এলাকার মেসার্স কিউ সি ট্রেডিংয়ে তেল নিতে আসা বাইকচালক আমিনুল ইসলাম বলেন, সিন্ডিকেটের কারণে এতদিন তেলের সংকট ছিলো। এখন দাম বাড়ার সাথে সাথে তেলের সরবরাহ বেড়েছে। যার ফলে সহজে তেল পাওয়া যাচ্ছে। আগের মতো আর লম্বা লাইন ধরতে হচ্ছে না।

নগরীর লালদীঘি মোড়ের মেসার্স সিরাজুল হক অ্যান্ড সন্স পেট্রোল পাম্পে মোটরসাইকেল চালক আহমেদ মুসা বলেন, সোমবার থেকে অকটেন পাওয়ার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না। আগে যেখানে সাত-আট ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করতে হতো, এখন তা ৩০-৪০ মিনিটে পাওয়া যায়।

নগরীর বিভিন্ন পাম্পে কথা বলে জানা যায়, কয়েকদিন আগেও যেখানে প্রাইভেট কার ও বাইকের দীর্ঘ সারি দেখা যেত, সেখানে এখন স্বাভাবিক বিক্রির পাশাপাশি অনেক পাম্পে গাড়ির উপস্থিতি কম।সম্প্রতি অকটেন সরবরাহ উন্মুক্ত করায় এবং দাম পরিবর্তনের পর কৃত্রিম মজুত করা জ্বালানি বাজারে ফিরে আসায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম অঞ্চলের সদস্যসচিব মোহাম্মদ মাইনুদ্দিন বলেন, পাম্পগুলোতে গত সোমবার থেকে তেল পাওয়া স্বাভাবিক হচ্ছে। চাহিদা অনুযায়ী না পেলেও চাহিদার কাছাকাছি সরবরাহ করছে সরকার। যে কারণে লাইন কমে আসছে। আজ আমি বিভিন্ন পাম্প ঘুরে দেখেছি, খবর নিয়েছি। এভাবে চলতে থাকলে আগামী তিন-চার দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে।

ভিডিও