পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে একসূত্রে আবদ্ধ করে—এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, এই উৎসবের আনন্দ যেন চিরকাল বাঙালির জীবনে বিরাজমান থাকে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) চট্টগ্রাম কলেজে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। বৈশাখী উৎসব উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক, যা সবাইকে একত্রিত করে। তিনি দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নতুন সরকারের সফলতা কামনা করেন।
এ সময় তিনি জুলাই আন্দোলনে শহিদ চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য ওয়াসিম আকরামকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।
পরে মেয়র কলেজের প্রধান ফটক সংলগ্ন বৈশাখী স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন। পিঠা-পুলি, দেশীয় খাবার ও হস্তশিল্প প্রদর্শনী দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
শিক্ষার পরিবেশ উন্নয়নের বিষয়েও আশ্বাস দেন মেয়র। তিনি জানান, চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠ সংস্কারে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী। দিনব্যাপী আয়োজনে নৃত্য, সংগীত ও আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য ফুটে ওঠে এবং এটি সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় রূপ নেয়।