চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মা মগদ্বেশ্বরী মন্দিরে দুর্ধর্ষ চুরি ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান সংলগ্ন মন্দিরটিতে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্ত্তী পূজা দিতে গেলে ঘটনাটি জানাজানি হয়। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাগো হিন্দু পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং গীতা শিক্ষা কমিটি পোমরা ইউনিয়নের সাধারণ সম্পাদক পল্লব কান্তি চৌধুরী বলেন, রাঙ্গুনিয়ায় এর আগে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেনি। আমরা এই ঘটনার দ্রুত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।