বুধবার, ১৭ জুন ২০২৬

রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান চট্টগ্রামের ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ০৪:১৫

জ্বালানি সাশ্রয়ে সরকারি সিদ্ধান্তকে সামনে রেখে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান চট্টগ্রামের ব্যবসায়ীরা। তারা মনে করছেন, পহেলা বৈশাখকে ঘিরে মার্কেটগুলো এখন কেনাকাটায় ব্যস্ত। এ ছাড়া চট্টগ্রামে সাধারণত মোট বিক্রির প্রায় ৬০ শতাংশই হয় সন্ধ্যার পর। ফলে এই সময় দোকান বন্ধ থাকলে বড় ক্ষতির মুখে পড়তে হবে তাদের।

এ ব্যাপারে চট্টগ্রাম বিপনিবিতান মার্কেট মার্চেন্টস ওয়েলফেয়ার কমিটির সভাপতি সৈয়দ খুরশিদ আলম বলেন, আমাদের বিক্রিটা হয় সন্ধার পর। সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধ করায় আমরা ক্ষতিগ্রস্ত। এ ব্যাপারে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার জন্য সরকারের কাছে আবেদন করেছি। সরকার যদি আমাদের আবেদন অনুমোদন দেয় তাহলে সবাই উপকৃত হব।

ব্যবসায়ীরা মনে করছেন, চট্টগ্রামে বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবসার ভারসাম্য রাখতে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় প্রয়োজন। কেননা এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে কর্মীদের বেতন-ভাতা ও দোকান ভাড়া পরিশোধ করাও কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে সরকারের ভ্যাট আদায়ও কমে যেতে পারে।

জানা গেছে, সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধ করার ফলে ইতোমধ্যেই চট্টগ্রামের ব্যবসা ক্ষেত্রে ধস নামতে শুরু করেছে। তৈরি পোশাক, জুতা, গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন পণ্যের বড় ব্র্যান্ড থেকে শুরু করে ছোট ব্যবসাপ্রতিষ্ঠান—সব ব্যবসাতেই বিক্রি স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় অর্ধেকে নেমে আসতে শুরু করেছে।

এ ব্যাপারে চট্টগ্রাম বিপনিবিতান মার্চেন্টস ওয়েলফেয়ার কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন শারুদ বলেন, সারাদিন আমাদের তেমন কাস্টমার থাকে না। সরকার জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধ করার সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু আমাদেরকে যদি বিকাল ৩টার পর থেকে রাত ৮টা বা ৯টা পর্যন্ত সময় দেয়া হয়, তাহলে ভাল হয়।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটে জ্বালানি সাশ্রয়ে গত ২ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সরকারি-বেসরকারি অফিসের সময়সীমা এক ঘণ্টা কমানো হয়। পরে দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ছয়টার পরিবর্তে সাতটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত দেয় সরকার।

পূর্বতারা / ইউডি

ভিডিও