ঈদ চলে গেছে। ঈদের আমেজও আস্তে আস্তে মিশে যাচ্ছে চাঁদের কলার সাথে। অথচ ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো সেই উপহার এখনো পায়নি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। ২০ দিন পেরিয়ে গেলেও উপহারের টাকাগুলো তারা কখন পাবেন তাও জানেন না । এমন অবস্থায় উপহার বঞ্চিত প্রায় আড়াই হাজার পরিচ্ছন্ন কর্মীর মধ্যে ক্ষোভ দানা বেঁধে উঠছে।
এ ব্যাপারে চসিকের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা বলেন, উপহারের টাকা পরিচ্ছন্ন কর্মীদের দেয়ার ব্যাপারে ফাইল প্রস্তুত হয়ে গেছে। মেয়র মহোদয়ের স্বাক্ষর হলে তা আজকের (সোমবার) মধ্যে কর্মীদের হাতে পৌঁছে যাবে।
চসিক সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশের ১২টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ঈদ উপহার দেয়া হয়েছে। সে হিসেবে চসিকের ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্ন কর্মীর জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেয়া হয়। ১৫ মার্চ ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এ উপহারের চেক গ্রহণ করেছেন। ১৭ মার্চ চট্টগ্রামের একটি কনভেনশন হলে ঈদ উপহার প্রদানের উদ্দেশ্যে একটি অনুষ্ঠান আয়োজন করে সংস্থাটি। ওই অনুষ্ঠানে প্রায় ১ হাজার কর্মীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয় বলে জানা গেছে। তবে বাকি ২ হাজার ২৭০ জন কর্মী সেদিন ঈদের উপহার পাননি। তাদেরকে বলা হয় কিছুদিনের মধ্যে স্ব স্ব অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক চসিকের এক পরিচ্ছন্ন কর্মী অভিযোগ করে বলেন, এখনো আমরা ঈদ উপহারের সেই ৫ হাজার টাকা পাইনি। বলা হচ্ছে পহেলা বৈশাখের নববর্ষ ভাতার সাথে তা দেয়া হবে। আমরা সামান্য বেতনের কর্মচারী। সময়মতো না পেলে সেই টাকা দিয়ে কি করব ?
পূর্বতারা/ ইউডি