বুধবার, ১৭ জুন ২০২৬

গ্যাসলাইট কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৮

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুনের ঘটনায় পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম পাঁচ মরদেহ উদ্ধারের এ তথ্য জানান। বেলা ১টা ১১ মিনিটে কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশের ওই গ্যাসলাইট কারখানায় আগুন লাগে। দেড় ঘণ্টা চেষ্টার পর বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া মরদেহগুলো নারী না পুরুষের তা বোঝা যাচ্ছে না। পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে। ফায়ার সার্ভিস কাজ করছে।’

ফায়ার সার্ভিসের তথ্য মতে, শনিবার খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

ভিডিও