,

 

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 2 April 2026, 02:54

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। কক্সবাজারের কুতুবদিয়া থেকে আসা শিশুটির বয়স ৯ মাসের কম বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলো।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় জানায়, শিশুটি এর আগে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল। অবস্থার অবনতি হলে গতকাল রাতে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যাকেন্দ্রে (পিআইসিইউ) নেওয়া হয়। পরে সেখানে শিশুটির মৃত্যু হয়।

এর আগে গত মঙ্গলবার সকালে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। ওই শিশুটিও কক্সবাজার অঞ্চলের। তার বয়স ছয় মাসের কম বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম বলেন, হামের উপসর্গ নিয়ে আরেকটি শিশুর মৃত্যু হয়েছে। তার নমুনা পাঠানো হয়েছে। শিশুটিকে কুতুবদিয়া থেকে প্রথমে নগরের বেসরকারি হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়।

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামে গতকাল পর্যন্ত আটজনের শরীরে হামের সংক্রমণ পাওয়া গেছে। তাদের মধ্যে চারজন সুস্থ হয়ে বাড়ি গেছে। এদিন সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৮ জন জেলার সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। আর ১১১ জন হামের লক্ষণযুক্ত রোগীর নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।

ভিডিও