বুধবার, ১৭ জুন ২০২৬

নিজের ছবির প্রতিও মায়া নেই মেয়রের !

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১ এপ্রিল ২০২৬, ০৫:৩৫

নিজের ছবির প্রতিও মায়া নেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের। বুধবার (১ এপ্রিল) দুপুরে চকবাজার অলিখাঁ মসজিদ মোড় থেকে অবৈধ ব্যানার, বিলবোর্ড অপসারণ কার্যক্রম শুরু করে চসিক। এ অভিযানের সময় মেয়র নিজ হাতে নিজের ছবি সম্বলিত একাধিক ব্যানার সরিয়ে ফেলে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেন।

মেয়রের এমন উদ্যোগে সংশ্লিষ্ট এলাকাসহ নগর জুড়ে ইতিবাচক সাড়া জাগিয়েছে। অভিযানে সড়ক ও বিভিন্ন স্থাপনায় টাঙানো অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়।

মেয়র বলেন, “নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় অবৈধ কোনো বিলবোর্ড বা ব্যানার সহ্য করা হবে না। আইন সবার জন্য সমান—আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। নগরকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি এসময় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদেরকে সতর্ক করেন। দ্রুত সময়ের মধ্যে ফুটপাত দখল মুক্ত করতে অভিযান শুরু হবে বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে চকবাজার এলাকায় অবৈধ ব্যানার-পোস্টার ও ফুটপাত দখলের কারণে জনদুর্ভোগ তৈরি হচ্ছিল। চসিকের এ অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেন এবং নিয়মিত এ ধরনের কার্যক্রম চালু রাখার দাবি জানান।

ভিডিও