,

 

শপথ নিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী

পূর্বতারা ডেস্ক

প্রকাশ : 27 March 2026, 07:26

নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ আজ শুক্রবার শপথগ্রহণ করেছেন। রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল সংবিধানের ৭৬(১) ধারার অধীনে তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন।

৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে তার রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের প্রায় দুই-তৃতীয়াংশ আসন জেতার পর তিনি প্রধানমন্ত্রী হন। ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ (তিনি বেশি পরিচিত ‘বালেন’ নামে) একজন রাজনৈতিক বহিরাগত।

শাহ কাঠমাণ্ডুতে জন্মগ্রহণ করেছেন, তবে তার পরিবার নেপালের ভারত সীমান্তবর্তী হিন্দুপ্রধান তরাই অঞ্চলের বাসিন্দা।

বালেন্দ্র শাহ একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। তিনি কাঠমাণ্ডুর মেয়র হওয়ার আগে একজন র‍্যাপ শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। সেপ্টেম্বরে সংঘটিত রক্তক্ষয়ী যুব-নেতৃত্বাধীন অভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হন। যদিও তিনি সরাসরি বিক্ষোভে অংশ নেননি, শাহ প্রকাশ্যে জেনারেশন জেড প্রজন্মের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছিলেন।

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে নেপালে সংঘটিত জেন-জি আন্দোলন ছিল দুর্নীত, বেকারত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের বিরুদ্ধে তরুণ প্রজন্মের এক ঐতিহাসিক গণ-অভ্যুত্থান। এই আন্দোলন পরে সহিংস রূপ নেয়, যার ফলে ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।  

ভিডিও