মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে জাতি। বৃহস্পতিবার (২৬ মার্চ) সারাদেশের মত চট্টগ্রামেও পালিত হয়েছে দিবসটি। চট্টগ্রামের ডি সি পার্ক সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয়েছে দিবসের কর্মসূচি।
ভোর ৬টা ২৫ মিনিটে ৩১ বার তোপধ্বনির দিয়ে কর্মসূচি শুরু হয়।
এরপর শহিদদের প্রতি সম্মান জানিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। পরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ এবং রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী।
পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণিপেশাজীবীর মানুষ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে।
দিবসটি উপলক্ষে স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।পাশাপাশি পুরো এলাকায় বর্ণিল সাজে সাজানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।