বুধবার, ১৭ জুন ২০২৬

দীর্ঘ লাইন হলেও মিলছে জ্বালানি তেল

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৪:৫১

রেশনিং সিস্টেম প্রত্যাহারের পর চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। এমন অবস্থায় রোববার সকাল থেকে পেট্রোলপাম্প কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি করছে। ঈদুল ফিতরের আগে তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ায় গ্রাহকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে আগের মত গ্রাহকদেরকে লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে তেল নিতে হচ্ছে।

নগরীর চকবাজার গণি বেকারি মোড় কিউসি ট্রেডিং লিমিটেডে দেখা গেছে, তেলের জন্য গ্রাহকদের লম্ব লাইন। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে তারা জ্বালানি তেল সংগ্রহ করছেন। শত শত মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন লাইনে দাঁড়িয়ে আছে।

সামিউল ইসলাম জানান, ঈদে বাড়িতে যাব । গ্রামে তো পাম্পওয়ালারা তেল দিচ্ছে না। তাই এখান থেকে তেল নিয়ে যাচ্ছি। তিন ঘণ্টা সাড়ে ঘণ্টা অপেক্ষা করেছি। আমার গাড়িতে সাড়ে ছয় লিটার ছিল। এখন ফুল ট্যাংক লোড করেছি।

কর্মজীবী মো. মোস্তফা কামরুল বলেন, আমরা গাড়ি স্টার্ট দেয়ার তেলও ছিল না। কমপক্ষে ২০০ জনের পিছনে ছিলাম। আরও কিছুক্ষণ লাইনে থাকতে হবে। জানতে পেরেছি এখানে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে।

পাম্পে বিভিন্ন যানবাহনের পাশাপাশি গ্যালন নিয়েও অনেক গ্রাহককে লাইনে দাঁড়াতে দেখা গেছে। এরা সাধারণত স্পিডবোট, ইঞ্জিন নৌকা বা তেলচালিত বিভিন্ন মেশিনের গ্রাহক।

কিউসি ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপক মীর খান জানান, আজ থেকে রেশনিং উঠে গেছে। আমরা সবাইকে চাহিদা অনুযায়ী তেল দিচ্ছি। মানুষের কনফিডেন্স আছে যে তারা এখানে তেল পাবে। আমাদের এখানে প্রচুর তেল আমরা বিক্রি করি। সকাল ৮টা থেকে রাত ১০ টা পর্যন্ত আমরা সিস্টেম মত তেল দিচ্ছি। যে যা চাচ্ছে তা দিচ্ছি আমরা।

তবে রেশনিং প্রত্যাহার করা হলেও নগরের লালদিঘী, পাঁচলাইশ, ষোলশহর, নতুন ব্রিজসহ বিভিন্ন এলাকার অধিকাংশ পাম্প বন্ধ রয়েছে।

ভিডিও