চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল, গ্যাস ও কেমিক্যালবাহী ১০টি জাহাজের পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে চারটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), তিনটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), দুটি ডিজেল এবং একটি বেইজ অয়েলবাহী জাহাজ রয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে বন্দরের মুখপাত্র সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য জানান। তিনি বলেন, এসব জাহাজের মধ্যে পাঁচটি বর্তমানে বহির্নোঙর ও বন্দরের ডলফিন জেটিতে পণ্য খালাস করছে।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত গ্যাস, কেমিক্যাল, ক্রুড ও ফার্নেস অয়েলসহ মোট আটটি জাহাজের পণ্য খালাস করা হয়েছে। এর মধ্যে কাতার থেকে আমদানি করা দুটি এলএনজি জাহাজ, মালয়েশিয়া থেকে আসা একটি এলপিজিবাহী জাহাজ এবং দুবাই থেকে আমদানি করা একটি এমইজি (মনো-ইথিলিন গ্লাইকল) কেমিক্যাল রয়েছে।
এ ছাড়া সিঙ্গাপুর থেকে আসা দুটি ফার্নেস অয়েলের জাহাজ, সংযুক্ত আরব আমিরাত থেকে আসা একটি ক্রুড অয়েলবাহী জাহাজ এবং সিঙ্গাপুর থেকে আসা একটি ডিজেলবাহী জাহাজের পণ্যও এ সময়ের মধ্যে খালাস করা হয়েছে।