চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ডের অধীনে নির্মাণাধীন ২১টি স্লুইস গেটের মধ্যে ইতোমধ্যে ১৭টির কাজ সম্পূর্ণ হয়েছে। বাকি ৪টির নির্মাণ কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। গুরুত্বপূর্ণ খালগুলোর খনন ও সংস্কার কাজও প্রায় শেষ পর্যায়ে।
রবিবার (৮ মার্চ) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সম্মেলন কক্ষে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট সংস্থা প্রতিনিধিরা জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন।
সভায় জানানো হয়, পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন ২১টি রেগুলেটর বা স্লুইস গেটের মধ্যে ১৭টির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি চারটি গেটের কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে কার্যক্রম চলছে। এসব স্লুইস গেট বর্ষা মৌসুমে জোয়ারের পানি নিয়ন্ত্রণ এবং বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ খালের পলি অপসারণ, খনন এবং রিটেইনিং ওয়াল নির্মাণ কাজ প্রায় ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেডের তদারকিতে খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে নেওয়া পদক্ষেপগুলোর অগ্রগতি সভায় তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চসিক, সিডিএ, পানি উন্নয়ন বোর্ড এবং সেনাবাহিনীর মধ্যে যে সমন্বিত উদ্যোগ গড়ে উঠেছে, তার সুফল নগরবাসী অচিরেই পাবে। ২১টি স্লুইস গেটের মধ্যে ১৭টি প্রস্তুত হওয়া আমাদের জন্য একটি বড় মাইলফলক।