পবিত্র রমজানে সিন্ডিকেটের মাধ্যমে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করে অসাধু ব্যবসায়ীরা। এবার সেসব ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা.শাহাদাত হোসেন।
বুধবার ২৫ ফেব্রুয়ারি খাতুনগঞ্জের বিভিন্ন আড়ত ও পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনের সময় তিনি এ ঘোষণা দেন।
মেয়র বলেন, রমজান মাসে কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি কিংবা ভোক্তাদের সঙ্গে প্রতারণা সহ্য করা হবে না।
তিনি আরও বলেন, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের কঠোর নজরদারিতে থাকবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বয়ে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে।
এসময় তিনি নিত্যপণ্যের মজুদ, সরবরাহ, মূল্য পরিস্থিতি ও বাজার ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। তিনি ব্যবসায়ীদেরকে বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
অভিযানে ফুটপাতে মালামাল রেখে জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করায় কয়েকজন দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন না করায় কয়েকটি প্রতিষ্ঠানকেও অর্থদণ্ড দেয়া হয়।
এসময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাজার সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।