কথা ছিল সবাই ঘুম থেকে উঠে একসাথে সেহরি করবেন। তারপর তাহাজ্জুদের নামায পড়বেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, কারো আর সেহরি খাওয়া হলো না। খাবার গরম করার জন্য চুলা জ্বালাতে গেলেই সারা ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণে পরিবারের নারী- শিশুসহ ৯ সদস্য দগ্ধ হয়েছেন।
দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সবাইকে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে।
চমেক হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার লিটন কুমার পালিত বলেন, হালিশহরে বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ ৯ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের সবাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সেহরির পূর্বমুহুর্তে হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন হালিমা মঞ্জিলের তৃতীয় তলায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ হন।
বিস্ফোরণে দগ্ধ ৯ জন হলেন- শাখাওয়াত হোসেন (৪৬), শিপন (৩০), সুমন (৪০), শাওন (১৭), আনাস (৭), উম্মে আইমন (৯), আয়েশা আক্তার (৪), পাখি আক্তার (৩৫) ও রানী আক্তার (৪০)।