বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে ফুলে ফুলে ভাষা শহীদদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চট্টগ্রামে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাজনীতিক, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শুক্রবার রাত ১১টার পর থেকেই চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন বয়সী হাজারো মানুষ সমবেত হতে থাকেন। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতার শুরুতে সশস্ত্র সালাম প্রদর্শন করে পুলিশের একটি চৌকস দল।

রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারের বেদিতে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান ও সংসদ সদস্য মো. এরশাদ উল্লাহ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শ্রদ্ধা নিবেদন শেষে সিটি মেয়র শাহাদাত হোসেন বলেন, ভাষাসৈনিকেরা নিজেদের জীবন দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি সমতার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।

এরপর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং চট্টগ্রামের পুলিশ সুপার নাজির আহমেদ খান। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পর বীর মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম মহানগর বিএনপি, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, নৌ পুলিশ এবং পিবিআইসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সারিবদ্ধভাবে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

ভিডিও