ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে ভোটের দিনেই ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া এসেছে দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের কাছ থেকে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বিভিন্ন স্থানে কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাইয়ের ষড়যন্ত্র চলছে।
জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি
ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান বৃহস্পতিবার সকালে ভোট দেওয়ার পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। দুপুরে গুলশানের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “জয়ের ব্যাপারে আমরা কনফিডেন্ট (আত্মবিশ্বাসী)। আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী জয়ের ব্যাপারে।”
কয়টি আসনে জয় প্রত্যাশা করছেন— এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা এতটুকু আসন অবশ্যই প্রত্যাশা করছি, যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব।”’ আন্দোলনে একসঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার গঠনের ইঙ্গিতও দেন তিনি।
ভোটের দিন কিছু অপ্রত্যাশিত ঘটনার খবর পাওয়ার কথা জানিয়ে তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল বারবার বিভ্রান্তি ও অনৈতিক কাজের চেষ্টা করছে। তবে তিনি বিশ্বাস করেন, ভোটার উপস্থিতি বাড়লে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব।
ফল ঘোষণার বিষয়ে তিনি বলেন, অতীতের নিরপেক্ষ নির্বাচনের মতো নির্ধারিত সময়সীমার মধ্যেই ফল প্রকাশ করবে নির্বাচন কমিশন— এমনটাই প্রত্যাশা বিএনপির।
ষড়যন্ত্রের অভিযোগ জামায়াতের
অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে জাল ভোট, পোলিং এজেন্টদের ওপর হামলা এবং কেন্দ্র দখলের অপচেষ্টা চলছে।
তিনি লেখেন, ‘কেউ কেউ কেন্দ্র দখল, ব্যালট ছিনতাইয়ের ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।’
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোটকেন্দ্রগুলো পাহারা দিয়ে ভোট রক্ষায় ভূমিকা রাখতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে।
রাজনৈতিক উত্তাপ অব্যাহত
ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফল ঘোষণার অপেক্ষায় থাকলেও রাজনৈতিক অঙ্গনে উত্তাপ কমেনি। একদিকে বিএনপির আত্মবিশ্বাসী সুর, অন্যদিকে জামায়াতের অভিযোগ— নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করেছে।