চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর নির্বাচন করতে পারবেন বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফল প্রকাশ স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদেশের পর সারোয়ার আলমগীরের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলেন, লিভ (আপিল করার অনুমতি) দিয়েছেন আপিল বিভাগ। নির্বাচনে প্রতিন্দ্বন্দ্বিতা করতে পারবেন সারোয়ার আলমগীর। লিভ মঞ্জুর হওয়ায় আপিলের ওপর শুনানি হবে। এই আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফলের গেজেট প্রকাশ করা যাবে না।
একই আসনের জামায়াত প্রার্থী নুরুল আমিানের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলটি করেছিলেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। আপিল বিভাগ লিভ মঞ্জুর করেছেন। আদালত বলেছেন, সারোয়ার আলমগীর নির্বাচন করতে পারবেন। কিন্তু ফলাফলটা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে, ফলাফল প্রকাশিত হবে না।
এর আগে গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেন হাইকোর্ট।