চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইরফানুল ইসলাম চুহিম (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা সদরের লোহাগাড়া ডায়াবেটিস জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
লোহাগাড়া সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, নিহত চুহিম লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দফাদার পাড়ার বাসিন্দা নাছির উদ্দীনের পুত্র। নিহত চুহিম একটি কাপড়ের শো-রুমের ম্যানেজার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে কক্সবাজার মুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চুহিম মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট মো. সম্রাট হোসেন বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।