রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

দেশে এলো ৬০ হাজার মেট্রিক টন গম

চট্টগ্রাম বন্দরে চলছে মার্কিন গমের খালাস

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:৪৪

চট্টগ্রাম বন্দরে এসেছে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৬০ হাজার মেট্রিক টন গমের একটি চালান। বন্দরে আসা এসব গম গুদামজাতকরণে ইতোমধ্যে খালাস কার্যক্রম শুরু হয়েছে। গম আমদানি বিষয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্বাক্ষরিত চুক্তির অংশ হিসেবে চালানটি দেশে এসেছে।

চট্টগ্রাম বন্দরে মার্কিন গমের আগমন উপলক্ষে সোমবার ২৬ জানুয়ারি এক অনুষ্ঠানের আয়োজন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান এবং খাদ্য সচিব মো. ফিরোজ সরকার উপস্থিত ছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের তথ্য অনুযায়ী , এ চালানটি মোট ১ লাখ ৭৩ হাজার মেট্রিক টনের বেশি একটি বৃহত্তর গম সরবরাহের অংশ। যার মধ্যে ওয়াশিংটন, ওরেগন এবং আইডাহো থেকে প্রায় ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন সফট হোয়াইট জাতের গম এবং মনটানা ও নেব্রাস্কা থেকে প্রায় ৬০ হাজার মেট্রিক টন হার্ড রেড উইন্টার জাতের গম অন্তর্ভুক্ত। বাংলাদেশ বছরে তার মোট গমের চাহিদার মাত্র ১৩ শতাংশ উৎপাদন করতে সক্ষম। ফলে এসব চালান উচ্চ প্রোটিনসমৃদ্ধ পুষ্টিকর গমের গুরুত্বপূর্ণ সরবরাহ নিশ্চিত করবে।

এতে আরো বলা হয়, গতবছরের জুলাই মাসে বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ কর্তৃক মনোনীত গমচাষিদের বাণিজ্য সংগঠন ইউ.এস. হুইট অ্যাসোসিয়েটসের (ইউএসডব্লিউএ) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে, যার আওতায় ২০৩০ সাল পর্যন্ত বাংলাদেশ প্রতি বছর সর্বোচ্চ ৭ লাখ মেট্রিক টন যুক্তরাষ্ট্রের গম ক্রয় করবে।

সমঝোতা স্মারকের অধীনে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক পণ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্পের মাধ্যমে তিনটি বিক্রয় চুক্তিতে বাংলাদেশ আনুমানিক ৬ লাখ ৬০ হাজার মেট্রিক টন গম কিনেছে। এর মধ্যে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টনেরও বেশি এরইমধ্যে দেশে পৌঁছেছে।

ভিডিও