বুধবার, ১৭ জুন ২০২৬

ইসলামী ব্যাংক ফের এস আলমকে দেওয়ার চেষ্টা হচ্ছে : নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৮:০৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, এস আলমসহ বড় বড় যারা মাফিয়া রয়েছে, ফ্যাসিবাদের দ্বারা পুষ্ট হয়ে জনগণের টাকা লুট করেছে, এখন বিদেশে আছে, বিদেশে টাকা পাচার করছে; তাদের কীভাবে বিচারের আওতায় আনবে, সেই ধরনের কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি। বরং আমরা দেখতে পাচ্ছি, ইসলামী ব্যাংক আবার এস আলমের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

শুক্রবার (১২ জুন) বিকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বাজেটে কিছু সৃজনশীল জায়গা তারা (সরকার) দেখিয়েছে—কিছু পণ্যের কর কমিয়েছে; শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বৃদ্ধি করেছে। এগুলো ইতিবাচক হলেও এগুলো আসলে বাস্তবায়নযোগ্য হবে না বলে আমরা মনে করছি। অর্থনৈতিক সংস্কার এই বাজেটের মাধ্যমে সম্ভব হবে না।

নাহিদ ইসলাম বলেন, ‘এই বাজেট কীভাবে দুর্নীতি বন্ধ করবে? বড় বাজেট মানে সেখানে কিন্তু বড় দুর্নীতি করানোর সুযোগ থাকে। এই যে বিভিন্ন কার্ড বলেন, খাল খনন কর্মসূচি বলেন, সরকারদলীয় এমপিরা যে বরাদ্দ পাচ্ছে, যেটা বিরোধীদলীয় এমপিরা পাচ্ছে না, সেটা কীভাবে; কোথাও কোনো জবাবদিহি নাই। কোথাও কোনো স্বচ্ছতা নাই।’

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন, চট্টগ্রাম নগরের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইবসহ দলের অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আগামীকাল চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে ১১–দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁদের।

পূর্বতারা/ইউডি

ভিডিও