চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে ৬৪৭ কার্টন সিগারেট ও ২৪০টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে। শুক্রবার সকাল ৬টা ৫০ মিনিটে আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-৩৫০-এর তিন যাত্রীর লাগেজ তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি বলেন, আমদানি নিষিদ্ধ পণ্য ও রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে আনা চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরে কাস্টমস, কাস্টমস ইন্টেলিজেন্স এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বিত নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রম ঠেকাতে আমাদের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।
কাস্টমস সূত্র জানায়, পণ্য বহনের সঙ্গে জড়িত যাত্রীরা হলেন চট্টগ্রামের বোয়ালখালীর আবুল কালাম, বাঁশখালীর হাসান মিয়া এবং রাউজানের মোহাম্মদ হাসান। জব্দ করা ৬৪৭ কার্টন সিগারেট থেকে প্রায় ১২ লাখ ৯৪ হাজার টাকার রাজস্ব আদায়যোগ্য। উদ্ধার হওয়া পণ্য বিভাগীয় স্মারক (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।