জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে জুমার নামাজ আদায় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এমপি নাহিদ ইসলাম ও প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (১২ জুন) নামাজ শেষে তারা মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এসময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে জামেয়া মাদ্রাসার ছাত্রদের গুরুত্বপূর্ণ অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। উপমহাদেশে, বিশেষত বাংলায় ইসলামের প্রচার ও প্রসার ঘটেছিল পীর, দরবেশ, ফকির ও আউলিয়ায়ে কেরামের মাধ্যমে। তাঁদের ত্যাগ, আদর্শ ও আধ্যাত্মিক সাধনার ফলেই এ অঞ্চলে ইসলামের আলো ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা। শ্রদ্ধাভরে স্মরণ করছি জামেয়ার প্রতিষ্ঠাতা বানিয়ে জামিয়া সৈয়দ আহমদ শাহ চিরকোটিকে (রহ.) এবং জশনে জুলুসের প্রবর্তক হাফেজ কারী তৈয়ব শাহ (রহ.)-কে। একইসঙ্গে গভীর শ্রদ্ধা ও সালামের সাথে স্মরণ করছি আওলাদে রাসুল হুজুর কেবলা তাহের শাহ এবং সাবের শাহ হুজুরকে।
তিনি বলেন, আমরা চাই- জামেয়া মাদ্রাসা তার নিজস্ব ঐতিহ্য, আদর্শ ও স্বকীয়তা বজায় রেখে একটি স্বাধীন দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে জাতিকে পথনির্দেশনা দিক। কোনো বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না থেকে এটি যেন সমগ্র জাতির কল্যাণে ভূমিকা পালন করে।
পূর্বতারা/ইউডি