চট্টগ্রাম-৫ (হাটহাজারী–বায়েজিদ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হবে। শান্তি-শৃঙ্খলা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এ সময় মুসলমান, হিন্দু ও বৌদ্ধ—সব ধর্মের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার প্রতি সমর্থন জানান।
এদিন সকালে হাটহাজারী উপজেলার ১৫ নম্বর বুড়িশ্চর ইউনিয়নের আজিজিয়া দরবার শরীফ মাজার জিয়ারতের মাধ্যমে গণসংযোগ শুরু করেন তিনি। পরে পায়ে হেঁটে বুড়িশ্চর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এবং শিকারপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নারী-পুরুষসহ সর্বস্তরের ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোট ও দোয়া কামনা করেন।
এদিকে জুমার নামাজ শেষে স্থানীয় নিয়ামত আলী সড়ক থেকে পুনরায় গণসংযোগ শুরু করে বিকেল পর্যন্ত প্রচারণা অব্যাহত রাখেন তিনি।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন— চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হারুন অর রশিদ, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আকবর আলী, জাসাসের সহসভাপতি আয়ুব খান, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য ওসমান গনি, শিকারপুর বিএনপির সভাপতি মোহাম্মদ নূরখান ও সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দীন, বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক এস এম ফারুকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী গণসংযোগে অংশ নেন।