চট্টগ্রাম-১১ আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্যপ্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে দ্বিতীয় দিনের প্রচারণায় মাঠে নেমেছেন তার সন্তান ইসরাফিল খসরু। শুক্রবার (২৩ জানুয়ারি) নগরের ৩৮ নম্বর ওয়ার্ড ইপিজেড মোড় থেকে শুরু করে দক্ষিণ হালিশহরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।
প্রচারণার সময় ৩৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ, গণসংযোগ এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
এ সময় ইসরাফিল খসরু বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি পরিবর্তন, উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। ধানের শীষ মানেই মানুষের অধিকার, ন্যায়ের রাজনীতি এবং সাধারণ মানুষের কথা বলার শক্তি। চট্টগ্রাম-১১ আসনের মানুষ পরিবর্তন চায়, তারা সৎ নেতৃত্ব ও জনবান্ধব রাজনীতি দেখতে চায়। সেই প্রত্যাশা পূরণে ধানের শীষের কোনো বিকল্প নেই।
তিনি তরুণ ভোটারদের উদ্দেশে বলেন, দেশ পরিবর্তনের চলমান আন্দোলনে অংশ হিসেবে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষ প্রতীকে দিন। আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে আরো এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী এই এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় কাজ করবেন। আগামীর সুন্দর চট্টগ্রাম গড়তে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, আমরা নির্বাচনী গণসংযোগ দুই ধরনের লিফলেট বিতরণ করব। একটি রয়েছে আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত ফ্যামিলি কার্ডের বিস্তারিত। আরেকটিতে আছে আমাদের প্রার্থী ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর রাজনৈতিক জীবনী। যিনি মানুষের জন্য কাজ করে গেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ, মহানগর বিএনপির সদস্য হাজী হানিফ সওদাগর, বিএনপি নেতা মো. সেলিম, কামাল উদ্দিন, মো. সালাউদ্দিন, হাজী হোসেন, মাহবুব আলম বাচ্চু, মো. আজম, মহিলা দল নেত্রী সাহেদা খানম, ফাতেমা কাজলি, ছাত্রদল নেতা রায়হান চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজ উদ্দিন রাজুসহ প্রমুখ।