চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে ব্যতিক্রমধর্মী আয়োজন ‘প্রীতিভোজ ও মিলনমেলা’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পটিয়া উপজেলার কেলিশহর পাহাড়ি এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদস্যদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মিলনমেলায় সাংবাদিকদের মধ্যে প্রাণবন্ত ও আন্তরিক সম্পর্কের এক অনন্য দৃষ্টান্ত দেখা যায়।
অনুষ্ঠানে পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম কাদেরের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য কাজী মহসিন ও প্রণব বড়ুয়া অর্নব।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য ও সুসম্পর্ক বজায় রাখতে এ ধরনের মিলনমেলা ও প্রীতিভোজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পেশাগত ব্যস্ততার মধ্যেও সাংবাদিকদের সুস্বাস্থ্য ও মানসিক প্রশান্তি নিশ্চিত করতে এমন উদ্যোগ সময়োপযোগী বলেও মন্তব্য করেন তাঁরা।
তাঁরা আরও বলেন, পটিয়া প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই প্রীতিভোজ ও মিলনমেলার মাধ্যমে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হয়েছে। ভবিষ্যতেও সাংবাদিকদের স্বার্থে এবং ঐক্য জোরদারে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান অতিথিরা।