রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

রেকর্ড গড়ে নির্বাচনে জয়ী হতে চান সালাহউদ্দিন আহমদ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৩:৫৬

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই এলাকায় (কোনাখালী) আমি সব সময় ফাস্ট হই। কিন্তু এবার এমনভাবে ফাস্ট করতে হবে, এই রেকর্ড যেন কেউ ভাঙতে না পারেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে চকরিয়া উপজেলার কোনাখালী এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। প্রচারের শুরুতে সালাহউদ্দিন আহমদ সবার কাছে দোয়া চান। পরে তিনি কোনাখালী ইউনিয়নের লতাবনিয়া, মৌলভীপাড়া, সিকদারপাড়ায় গণসংযোগ করেন।

তিনি আরও বলেন, ৩০ বছর আগে হেঁটে হেঁটে এসে আমরা স্কুল করেছি। এখন এখানে বড় বড় বিল্ডিং হয়েছে। আজ সেই কোনাখালী দিয়ে আমার নির্বাচনি প্রচারণা শুরু করলাম।

এ সময় তিনি কোনাখালী কুলসুন নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোনাখালী হেদায়েতুল উলুম মাদ্রাসার মাঠে জনগণের কাছে ধানের শীষে ভোট চান এবং তার ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন। স্থানীয়রা গণসংযোগে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

ভিডিও