রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

হাটহাজারীতে ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জেল-জরিমানা

হাটহাজারী প্রতিনিধি

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৫২

চট্টগ্রামের হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে মাদক সেবনের দায়ে তিনজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডও প্রদান করা হয়।

রবিবার (১১ জানুয়ারি) দুপুর ২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট ও মদনহাট বাজারে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আনন্দ মনি ঋষি (২৯), আবু বক্কর সিদ্দিক নয়ন (২৩) ও মো. দিদারুল আলমকে (৪৫) কারাদণ্ড ও জরিমানা করা হয়।

অন্যদিকে, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রির অভিযোগে মদনহাট বাজারের লাভলী ফার্মেসি, খাজা ফার্মেসি এবং জনতা ফার্মেসিকে জরিমানা করা হয়।

এ ছাড়া বেশি দামে গ্যাসের সিলিন্ডার বিক্রির দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেইট এলাকার সানজিদা ট্রেডার্সকেও অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, অভিযানে তিন ব্যক্তি ও চার প্রতিষ্ঠানকে দণ্ডিত করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ভিডিও