চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে পটিয়া বাইপাসের ইন্দ্রপুল এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার আরকান মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
এতে নিহত যুবকের নাম ইমতিয়াজ মাহমুদ ইমন (২২)। তিনি চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউপির মুরাদাবাদ এলাকার মোস্তাক আহমদের পুত্র। আহতদের একজন মোহাম্মদ নয়ন (২৩)। তিনি উত্তর কাঞ্চনাবাদ এলাকার মো: জসিম উদ্দিনের পুত্র। অপরজন মো: ফোরকান (২৫)। তিনি উত্তর কাঞ্চনা পূর্ব এলাহাবাদ গ্রামের শাহ আলমের পুত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পটিয়ামুখী একটি মিনিবাসকে ওভারটেক করে সামনে যেতেই বাসের সামনের অংশের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল ও দুই আরোহী বাসের নীচে চলে যায়। এ সময় মোটরসাইকেল চালক ইমন বাসের চাকার নীচে আটকে পড়েন।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত নয়নকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাছানো হয়। এ ছাড়া ফোরকান চন্দনাইশ বিজিসি ট্রাস্ট মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।
এ বিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ জানান, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ টিম পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।