চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড এবং চসিক ৯ ও ১০নং ওয়ার্ড নিয়ে গঠিত আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি নেতা আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, মহিলা দল বিএনপির একটি শক্তিশালী অঙ্গ সংগঠন। শহীদ জিয়ার আদর্শ ঘরে ঘরে পৌঁছে দিতে মহিলা দল অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী সমাজের উন্নয়ন ও তাদের মর্যাদা নিশ্চিতে বিএনপি সবসময় সচেতন। আগামীতেও মহিলাদেরকে যুক্ত করে দেশের কর্মযজ্ঞ পালিত হবে ইনশাল্লাহ।
শনিবার (১০ জানুয়ারি) সকালে ফৌজদারহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সীতাকুণ্ড উপজেলা শাখার এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মহিলা দল নেত্রী অ্যাডভোকেট রওশন আরার সভাপতিত্বে ও অ্যাডভোকেট নাছিমা আক্তার ডলির সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় উপজেলাধীন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন।
আসলাম চৌধুরী আরও বলেন, আদর্শ জাতি গঠনে মহিলাদের দায়িত্ব ও কর্তব্য অপরিসীম। তারা সন্তানদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করেন। অবহেলিত নারী সমাজের উন্নয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় ছিলেন আন্তরিক। তাই ৯১ সালে ক্ষমতায় এসেই তিনি মেয়েদের শিক্ষায় যুক্ত করেছিলেন উপবৃত্তি। আগামী নির্বাচনে মহিলা দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা দল নেত্রী নাজমুল নাহার নেলী, বিএনপি নেতা জয়নাল আবেদীন দুলাল, মোহাম্মদ মোরসালিন, মোঃ আবুল হাসেম, মহিলা দলের রেজিয়া মেম্বার, কলি মেম্বার, পারুল মেম্বার, বিলকিস আরা বেগম মেম্বার, কাঞ্চনা আক্তার মেম্বার, আঁখি আক্তার, নুর জাহান বেগম পারুল, রহিমা বেগম মেম্বার, বানু, কুলছুম মেম্বার, নার্গিস বেগম প্রমূখ।