রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ব্যবসায়ী শাহজাহান চৌধুরীর আয় বেশি কৃষি খাতে, হলফনামায় আরও যা আছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসন থেকে আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরী পেশায় ব্যবসায়ী হলেও বার্ষিক আয়ের একটি বড় অংশ কৃষিখাত থেকে আসে এমনটা দেখানো হয়েছে। নির্বাচনে অংশ নিতে জমা দেওয়া হলফনামায় দেখা গেছে, শাহজাহান চৌধুরী পেশায় ব্যবসায়ী এবং শিক্ষাগত যোগ্যতায় এলএলবি (অনার্স)। এই প্রার্থীর বার্ষিক আয়ের প্রধান উৎস কৃষিখাত, যেখান থেকে বছরে আসে ৬ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। ব্যবসা থেকে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৯৬ হাজার ৫৯০ টাকা। এছাড়া চাকরি থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা এবং নির্ভরশীলদের আয় হিসেবে ৪ লাখ ৬০ হাজার টাকা দেখানো হয়েছে।

হলফনামা অনুযায়ী, স্থাবর ও অস্থাবর মিলিয়ে প্রায় ২ কোটি ৪০ লাখ টাকার সম্পদের হিসাব দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরী। তার নিজের নামে ১ কোটি ৯৫ লাখ টাকা এবং স্ত্রীর নামে ৪০ লাখ টাকা মিলিয়ে মোট ২ কোটি ৩৫ লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। আর স্থাবর সম্পদ হিসেবে নিজের নামে থাকা কৃষি ও অকৃষি জমির বর্তমান বাজারমূল্য দেখিয়েছেন ৫ লাখ টাকা। একই সঙ্গে সাবেক এই সংসদ সদস্য তার হলফনামায় বিভিন্ন সময়ে দায়ের হওয়া ৭১টি মামলার তথ্য প্রদান করেছেন।

শাহজাহান চৌধুরীর নিজের কাছে নগদ রয়েছে ১ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ২৫২ টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ২৮ লাখ ৭৫ হাজার টাকা। তিনটি ব্যাংক একাউন্টে তার জমা আছে ৭ লাখ ৯৫ হাজার টাকার কিছু বেশি। এছাড়া সঞ্চয়পত্র, আমানত ও ক্রিপ্টোকারেন্সিতে তার বিনিয়োগ রয়েছে ৬ লাখ টাকার মতো।

১.৫ একর কৃষিজমির অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে মাত্র ১ লাখ ৩০ হাজার টাকা, এবং অকৃষি জমির মূল্য ১ লাখ টাকা। এই জমিগুলোর বর্তমান বাজারমূল্য দেখিয়েছেন ৫ লাখ টাকা।

হলফনামায় শাহজাহান চৌধুরী তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা মোট ৭১টি মামলার বিবরণ উল্লেখ করেছেন।

ভিডিও