চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেন, ‘ডেভিড ইমন ও রায়হানসহ দুর্ধর্ষ সন্ত্রাসী চক্রের সদস্যদের গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে। যশোর থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, নোয়াখালীতে একটি টিম রায়হানকে গ্রেপ্তারে অভিযান করেছে। অল্পের জন্য রায়হান পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাকেও গ্রেপ্তার করা হবে।’
আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ডেভিড ইমনকে গ্রেপ্তারসহ পুরো অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানালেন এসপি।
পুলিশ কর্মকর্তারা জানান, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নির্দেশে ডেভিড ইমন ও রায়হান গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। আগে ছোট সাজ্জাদ গ্রুপের নেতৃত্বে ছিলেন। ছোট সাজ্জাদ গ্রেপ্তারের পর মোবারক হোসেন ইমন ও মোহাম্মদ রায়হান দলটির নেতৃত্বে রয়েছেন। ডেভিড ইমনের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। মোহাম্মদ রায়হানের বিরুদ্ধেও চাঁদাবাজি, অস্ত্র ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে অন্তত আটটি মামলা রয়েছে।
পূর্বতারা/ইউডি