অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে চট্টগ্রাম নগরের তিনটি রেস্টুরেন্টকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৯ জুলাই) সকালে নগরের ওয়াসা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও খাদ্যদ্রব্যে তেলাপোকা পাওয়ায় হান্ডি রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া পোড়া তেল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে সিপি ৫ স্টার রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং পুরোনো বেগুনি ও বাসি খাবার বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে জামান রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ বলেন, অভিযান চলাকালে প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায়। ফলে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানগুলোর মালিককে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
পূর্বতারা/ইউডি