চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কলহের জেরে একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত রিমন দাশ গুপ্তকে (৪২) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্বপন দাশ গুপ্ত (৭৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৬৫)। তারা ওই এলাকার মৃত রেবতি দাশ গুপ্তের পরিবারের সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, রিমন দাশ গুপ্ত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। শনিবার সকালে তিনি মা-বাবাকে নিয়ে বাইরে যান। পরে সকাল পৌনে ১২টার দিকে তারা বাড়িতে ফেরেন।
বাড়িতে ফেরার কিছুক্ষণ পর পারিবারিক বিরোধের একপর্যায়ে রিমন ধারালো অস্ত্র দিয়ে প্রথমে তার মা কল্পনা দাশের ওপর হামলা চালান। মাকে রক্ষা করতে এগিয়ে এলে বাবা স্বপন দাশ গুপ্তকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করার চেষ্টা করেন। ঘটনাস্থলেই কল্পনা দাশের মৃত্যু হয়। গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রিমন দাশ গুপ্তকে আটক করেছে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তিনি আরও জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।