,

 

পটিয়ায় অস্ত্রের মুখে প্রবাসীর পরিবারকে জিম্মি করে স্বর্ণ-নগদ লুট

পটিয়া প্রতিনিধি

প্রকাশ : 25 July 2026, 07:20

চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে গভীর রাতে এক প্রবাসীর বাড়িতে অস্ত্রধারী ডাকাতদলের হামলার ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার এবং ৩০ থেকে ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার এয়াকুবদণ্ডী গ্রামের প্রবাসী আলী আব্বাসের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী আলী আব্বাস জানান, রাত সাড়ে ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি অস্ত্রধারী দল তার বাড়িতে প্রবেশ করে। ঘরে ঢুকেই একজন তার মাথায় অস্ত্র ঠেকিয়ে তাকে একটি কক্ষে নিয়ে যায়। অন্য সদস্যরা বাড়ির বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে মূল্যবান মালামাল খুঁজতে থাকে।

তিনি জানান, একপর্যায়ে ডাকাতরা তার স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে আলমারি ভেঙে নগদ ৩০ থেকে ৩৫ হাজার টাকা এবং প্রায় ৭ ভরি স্বর্ণালংকার লুট করে। এ সময় তার ছেলের কক্ষে ঢুকে তাকে অস্ত্রের বাট দিয়ে আঘাত করে মারধর করা হয় এবং তার কাছ থেকেও স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ডাকাতি শেষে একটি হাইস মাইক্রোবাসে করে পালিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের ধাওয়া করলে আতঙ্ক সৃষ্টি করতে ডাকাতরা এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

ঘটনার খবর পেয়ে জঙ্গলখাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বখতিয়ার উদ্দিন বকুল ঘটনাস্থলে যান এবং বিষয়টি পটিয়া থানায় জানান। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করে।

জঙ্গলখাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বখতিয়ার উদ্দিন বকুল বলেন, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখেন এবং সঙ্গে সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত চলছে।

ভিডিও