টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ১৩ দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বান্দরবান-রাঙামাটি সড়কে যান চলাচল। শনিবার (২৫ জুলাই) সকাল থেকে সব ধরনের যানবাহনের জন্য সড়কটি খুলে দেওয়া হয়েছে।
এর আগে গত ১২ জুলাই পাহাড়ি ঢলের তীব্র স্রোতে বান্দরবান-রাঙামাটি মহাসড়কের স্বর্ণমন্দিরসংলগ্ন বাকীছড়া এলাকায় শিলক খালের ওপর নির্মিত একমাত্র বেইলি সেতুর একাংশ ধসে পড়ে। এতে বান্দরবান ও রাঙামাটির মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সেতুটি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় হলেও এটি বান্দরবান সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীন।
বান্দরবান সওজের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, ভেঙে যাওয়া অংশের পুনর্নির্মাণকাজ বৃহস্পতিবার রাতেই শেষ হয়। শুক্রবার পরীক্ষামূলকভাবে অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়। সবকিছু স্বাভাবিক থাকায় শনিবার সকাল থেকে সব ধরনের যানবাহনের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছে।
তিনি বলেন, পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোত এলাকার একটি রাবার ড্যামে বাধাপ্রাপ্ত হয়ে গতিপথ পরিবর্তন করে সেতুর সংযোগ সড়কে আঘাত হানে। এতে সেতুর একাংশ এবং সংযোগ সড়কের প্রায় ১৫০ ফুট অংশ ভেসে যায়। ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণে প্রকৌশলী ও শ্রমিকদের দিন-রাত কাজ করতে হয়েছে।
এদিকে সড়ক যোগাযোগ স্বাভাবিক হওয়ায় যাত্রীবাহী বাস চলাচলের প্রস্তুতি নিয়েছে পরিবহন মালিকরা।
বান্দরবান জেলা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম বলেন, বান্দরবান থেকে রাঙামাটির উদ্দেশে বাস ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একইভাবে রাঙামাটি থেকেও বান্দরবানের উদ্দেশে বাস চলাচল শুরু হবে। তবে অনেক যাত্রী এখনো সড়ক চালুর খবর জানেন না। ফলে প্রথম দিনে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব বাস চলাচল নাও করতে পারে বলে তিনি জানান।