,

 

স্ত্রীকে হাসপাতালে রেখে যান নামাজে, আর ফেরা হলো না আলমগীরের

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : 25 July 2026, 11:53

চট্টগ্রামের লোহাগাড়ায় স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজ আদায় করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ আলমগীর (৫০) নামে এক দোকানি। দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে চমেক হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আলমগীর উপজেলার আমিরাবাদ ইউনিয়নের তজু মুন্সির গ্যারেজ এলাকার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, আলমগীর তার অসুস্থ স্ত্রীকে চিকিৎসার জন্য লোহাগাড়ার নতুন সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান। স্ত্রীকে হাসপাতালে রেখে তিনি নামাজ আদায়ের উদ্দেশ্যে পাশের একটি মসজিদে যান। নামাজ শেষে হাসপাতালের দিকে ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নতুন সাউন্ড হেলথ হাসপাতালের সামনে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নতুন সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগিনা মোহাম্মদ রিদুয়ান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহে পুলিশের একটি দল কাজ করছে। যেহেতু ভুক্তভোগীর মৃত্যু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হয়েছে, সেখান থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় জড়িত মোটরসাইকেল ও চালককে শনাক্তে পুলিশ কাজ করছে।

ভিডিও