দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার টেবিলে বসতে চায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীরা। বন্যার কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা দ্রুত শুরু করার দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরীর কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।
আজ রোববার সকালে নগরীর ষোলশহরস্থ চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রোর্ড কার্যালয়ে উপস্থিত হয়ে চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীদের একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে পরীক্ষার্থীরা উল্লেখ করেন, বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শেষ হওয়ার পর বাকি পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। পরীক্ষার্থীরা বর্তমান রুটিন অনুযায়ী পরীক্ষা গ্রহণ, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর জন্য অন্তত দুই থেকে তিন দিনের বিরতি রেখে দ্রুত নতুন সময়সূচি ঘোষণার দাবি জানান।
স্মারকলিপি গ্রহণের পর পরীক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন বোর্ড চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, বন্যাকবলিত এলাকার পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা, যোগাযোগব্যবস্থা এবং পরীক্ষাকেন্দ্রের পরিবেশ বিবেচনা করেই মানবিক কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছিল। বর্তমানে ১৪টি বিষয়ের পরীক্ষা স্থগিত রয়েছে। যত দ্রুত সম্ভব নতুন রুটিন দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
চেয়ারম্যান জানান, শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তিনি শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে পরীক্ষার্থীদের দাবিগুলো তুলে ধরবেন। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে প্রথমে চলমান রুটিনের পরীক্ষাগুলো নেওয়া হবে। পরে স্থগিত হওয়া বিষয়গুলোর জন্য আলাদা সময়সূচি প্রকাশ করা হবে। প্রয়োজনে নতুন সেটের প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে।
পূর্বতারা/ইউডি