চকবাজার থানার বাকলিয়া এক্সেস রোডে ডিজিটাল ডট নেট (ডিডিএন) অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত ২২ জন আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ রোববার দুপুরে র্যাব-৭’র সংবাদ সম্মেলন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গতকাল শনিবার রাতে জেলা ও নগরের বিভিন্ন এলাকা থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অ্যাম্বুলেন্স চালক মো. মহিউদ্দিনকে গ্রেপ্তার ও ব্যবহৃত অ্যাম্বুলেন্স গাড়িটিও জব্দ করা হয়েছে।
অন্য গ্রেপ্তাররা হলেন- রোহেন মিয়া প্রকাশ মাইকেল (৩১), মো. তুহিন (২২), আকবর হোসেন (৩৮), মো. আবদুল মুমিন (৩০), মো. মাসুদ মিয়া (২৭), মো. দিদার মিয়া (২২), মো. সানজাত হাসান (১৮), সৈকত হোসেন (১৮) ও মো. সাইফুদ্দিন (৩২)।
এর আগে বুধবার (১৫ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইউনুস (৪১), ইমরান হোসেন চ্যাং (৩১), আকবর হোসেন (২৪), মো. সুমন (২৭), মো. মনির ওরফে কেহেরমান (৩৮), মো. গিয়াস উদ্দিন (২১), মো. নয়ন (২০) ও মোহাম্মদ আবদুল নাহিদ ওরফে ফরহাদ (২৮)।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, সন্ত্রাসী ইমন প্রতিষ্ঠানের মালিকের কাছে ফোন করে দুই কোটি টাকা এককালীন চাঁদা দাবি করেন। এ ছাড়া মাসিক ১০ লাখ টাকা করে চাঁদা দাবি করা হয়। কিন্তু টাকা না পেয়ে ফোন করার দুই দিনের মাথায় হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে।
র্যাব কর্মকর্তা হাফিজুর রহমান আরও বলেন, গ্রেপ্তার আসামিরা স্বীকার করেছেন ঘটনার দিন তাঁরা জেলার রাউজান, চকবাজার, বাকলিয়া থেকে বহদ্দারহাট এলাকায় জড়ো হন। সেখান থেকে অটোরিকশায় বাকলিয়া অ্যাকসেস রোডে যান। সেখানে এক্সেস রোডে একটি দল থাকে, যাতে র্যাব-পুলিশসহ কোনো বাহিনী এলে খবর দিতে পারে। আরেকটি দল ভবনটির পাশে অবস্থান নেয়। অপর দলটি ভবনে প্রবেশ করে ভাঙচুর চালায়। গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত চারটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
“ডিজিটাল ডট নেট (ডিডিএন)” প্রতিষ্ঠানে সন্ত্রাসী গ্রুপে চাঁদা দাবির পর হামলা ও ভাঙচুর এর ঘটনায় সর্বমোট ২২(বাইশ) জন আসামীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েূছে বলে জানিয়েছে নগর পুলিশ।
১৩ জুলাই দুপুরে নগরের বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় ডিজিটাল ডট নেট (ডিডিএন) নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় চকবাজার থানায় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের আসামি করে মামলা হয়।
পূর্বতারা/ইউডি