চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। শনিবার (১১ জুলাই) ভোরে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট বাজারের দীঘির দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে নাজিম উদ্দিনের লেপ-তোষকের দোকান ও কারখানা, জসির উদ্দিনের ইলেকট্রনিকসের দোকান, রতন কর্মকারের কামারের দোকান, শামসুল আলমের সারের দোকান এবং আবু তাহেরের ডেকোরেশন ও লেপ-তোষকের দোকানসহ মোট সাতটি ব্যবসা প্রতিষ্ঠান।
স্থানীয়দের ভাষ্য, ভোরে একটি দোকানে আগুন লাগার পর তা দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরিস্থিতির ভয়াবহতা দেখে বাজারের মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবু তাহের জানান, তার ডেকোরেশনের সরঞ্জাম এবং লেপ-তোষকের দোকানের সব মালামাল আগুনে পুড়ে গেছে। এতে তার প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। সরকারি সহায়তা ছাড়া ঘুরে দাঁড়ানো কঠিন হবে বলে তিনি জানান।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রফিকুল চন্দ্র রুদ্র বলেন, প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।