,

 

লোহাগাড়ায় পানিবন্দী প্রসূতিকে হাসপাতালে নিয়ে গেল ফায়ার সার্ভিস

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 9 July 2026, 05:04

চট্টগ্রামের লোহাগাড়া আমিরাবাদ ইউনিয়নের খৈয়ারকুল গ্রামে পানিবন্দী এক প্রসূতিকে উদ্ধার শেষে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে প্রশংসিত হয়েছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।

আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম আমিরাবাদ ইউনিয়নের খৈয়ারকুল গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর নাম মিজবাহুল জান্নাত (২২)। তিনি ওই এলাকার সৌদি আরবপ্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, খৈয়ারকুল গ্রামটি ডলু নদীর তীরে। গত কয়েক দিনের অতি ভারী বৃষ্টিতে ডলু নদীর পানিতে গ্রামটি প্লাবিত হয়েছে। গ্রামের প্রায় প্রতিটি বাড়ির সামনে বুকসমান পানি। এমন অবস্থায় গতকাল বুধবার রাত ২টার দিকে মিজবাহুলের প্রসব বেদনা ওঠে। কিন্তু বন্যার কারণে রাতের বেলায় তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছিল না। পরিবারের লোকজন তখন দুশ্চিন্তায় পড়ে যান। কোনো উপায় না দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ওই গৃহবধূ একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলে জানা গেছে।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র বলেন, ‘খবর পাওয়ার পর আমাদের একটি দল ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার অভিযানে ওই নারীকে নিরাপদে উদ্ধার করা হয়। স্থানীয় একটি সিএনজিচালিত অটোরিকশা স্টেশনে আগে থেকেই একটি অ্যাম্বুলেন্স রাখা ছিল। স্টেশন থেকে তাঁর শ্বশুরবাড়ির দূরত্ব প্রায় ৬০০ মিটার। পুরো পথই পানির নিচে ছিল। আমরা তাঁকে স্ট্রেচারে কাঁধে বহন করে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পাঠাই।’

পূর্বতারা/ইউডি

ভিডিও